চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার রাতে পুলিশের ওপর হামলার পর বন্দুকযুদ্ধে এক অবরোধকারী নিহত হয়েছেন।
গুলিবিদ্ধ আরো ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে, পেট্রোল বোমা, অস্ত্র ও গুলি।
শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড নুনাছড়া এলাকায় অবরোধকারী ১০/১২ জন শিবির কর্মী গাড়িতে পেট্রোল বোমা হামলার
প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সেখানে টহল পুলিশ উপস্থিত হলে অবরোধকারী শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়।
অবরোধকারীরা পুলিশের ওপর গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ ৫ জনকে অস্ত্র ও পেট্রোল বোমাসহ আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর আরিফ নামের একজনের মৃত্যু হয়। আরিফ শিবির কর্মী বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, ১০ টি ককটেল, ৩ টি কার্তুজ ও ২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
এদিকে, ভোরে একই উপজেলার জোরারগঞ্জে একটি ট্রাকে পেট্রোলবোমা হামলা চালায় অবরোধকারীরা। এতে ট্রাক চালক দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।