দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে যৌথবাহিনীর গুলিতে আহত শিবির নেতা মতিউর রহমান (২৮) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোববার সকালে মারা গেছেন বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস।
গতকাল রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে নাশকতাকারীদের গ্রেপ্তার করতে গিয়ে জামাত-শিবিরের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে আহত হয়েছেন মতিউরসহ একজন। আটক হয়েছেন ২ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে পুলিশ, বিজিবি ও র্যা বের সমন্বয়ে যৌথবাহিনী রানীরবন্দরে অভিযান চালিয়ে নাশকতামুলক কর্মকাণ্ডের অভিযোগে খোদা বক্স নামে এক শিবির নেতাকে আটক করে। এ সময় জামাত-শিবির নেতা-কর্মীরা সংগঠিত হয়ে যৌথ বাহিনীকে লক্ষ্য করে একের পর এক ককটেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যরা প্রথমে রাবার বুলেট এবং পরে ৭ রাউন্ড গুলি করে। এতে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের শিবির সভাপতির হাতে ও পায়ে ৩টি গুলি লাগে। পরে মতিউর রহমানকে আটক করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় তারা দিনাজপুর-রংপুর মহাসড়কে প্রায় ১০টি যানবাহনে ভাঙচুর চালায়।