বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্ত্রাসীদের রাণী—আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অভিযোগ করেন, তার নির্দেশে সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম ও গুপ্ত হামলা চলছে।
রোববার দুপুরে সিলেটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়া একস্থানে বসে নাশকাতমূলক কর্মসূচি ঘোষণা করছেন। আর তার গুণ্ডা-পাণ্ডারা সারাদেশে সন্ত্রাস করছে। তারা তাদের নেত্রীর নির্দেশে গুপ্ত হামলা চালাচ্ছে। তিনি এখন সন্ত্রাসীদের রাণীতে পরিণত হয়েছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া এখন দেশেরও শত্রু— তাই দেশবাসীর উচিত খালেদা জিয়াকে পরিহার করা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামাত-শিবিরের সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বন্ধ করে এ দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হবে।