ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী রফিকুল ইসলাম খোকন নিহত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তালিকাভূক্ত সন্ত্রাসী এবং আন্তঃজেলা মাদক সম্রাট খোকনকে ধরতে রাতে পুলিশের একটি টিম সোহাগী এলাকায় যায়। এ সময় পুলিশ খোকনকে আটক করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং তার সহযোগীরা ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে খোকন গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
অভিযানে অংশ নেয়া ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামানসহ ৪ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে দুই পুলিশ কন্সস্টেবল গুলিবিদ্ধ এবং অপর ২ জন স্প্রিটার বিদ্ধ হয়েছেন। এদের উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মো. আক্তারুজ্জামান বলেন, খোকনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে। তার নামে ঈশ্বরগঞ্জ থানায় অস্ত্র এবং মাদকসহ ৬টি মামলা রয়েছে।
এদিকে, খোকন নিহত হওয়ার খবরে সকালে সোহাগী এলাকা থেকে খোকন সমর্থকরা ইশ্বরগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করলে পুলিশের সঙ্গে খোকন সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে এবং ফাকা গুলি ছুড়লে আহত হন প্রায় ১০ জন।
প্রসঙ্গত, খোকন চট্রগ্রামে পুলিশের কন্সষ্টেবল পদে চাকুরীরত অবস্থায় মাদক নিয়ে ধরা পড়ে চাকুরিচ্যুত হন। এরপর থেকেই সে পুরোদমে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক ব্যবসায়ীদের মাঝে পুলিশ খোকন নামে সে পরিচিত ছিল।