ফেনীর লালপুর বাজারে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ মো. হোসেন আলী মিয়া (৫২) মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হোসেন আলীর ছেলে নুর আলম জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায়। তার বাবা চট্টগ্রামে দিনমজুরের কাজ করতেন। ১৫ ফেব্রুয়ারি তিন হাজার টাকা নিয়ে তার বাবা একটি কাভার্ডভ্যানে করে চট্টগ্রাম থেকে বাড়ি যাচ্ছিলেন।
সন্ধ্যা ৭টার দিকে কাভার্ড ভ্যানটি ফেনীর লালপুর বাজারের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে। এতে চালকসহ হোসেন আলী দগ্ধ হন।
আহত অবস্থায় পরদিন ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয় বলে জানান নুর আলম।
তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক।