নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় নওয়াব স্পিনিং মিলে আগুনে ১২ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। এ সময় আগুন নেভাতে গিয়ে এবং তাড়াহুড়ো করে মিল থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক।
দগ্ধ ১২ শ্রমিককে বৃহস্পতিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টায় মিলের একটি অংশে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন দ্রুত পুরো মিলে ছড়িয়ে পড়লে তা নেভাতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এ সময় মিলে কর্মরত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তারা সবাই ওই মিলের শ্রমিক।
পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মিলের বিপুল পরিমাণ সুতা, তুলা ও মেশিনারিজ আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গ্যাসের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।