ময়মনসিংহের কেওয়াটখালীতে শুক্রবার সকালে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে সেনাবাহিনীর সদস্যসহ আহত হয়েছেন ২ জন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী দেশ টিভিকে জানিয়েছেন, সকাল সোয়া ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওড় ট্রেন ময়মনসিংহ স্টেশনে প্রবেশ করার সময় কেওয়াটখালী রেলওয়ে ওভার ব্রীজে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে থাকা ৩ জন যাত্রী পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলে অজ্ঞাত একজন যাত্রী নিহত হন। যশোর ক্যান্টনমেন্টে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীনসহ অজ্ঞাত আরেক যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সেনাবাহিনীর সদস্য শাহীনকে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।