ময়মনসিংহ সদরে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের সময় পুলিশের গুলিতে কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান গুলিবিদ্ধ হয়েছেন।
এ সময় তার কাছ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ তাকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে রওশন এরশাদের বাসার সামনে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখলে টহলরত পুলিশ তাদেরকে সন্দেহ করে ধাওয়া দেয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ওপর গুলি ছুড়ে।
এ সময় কোতয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। তার সহযোগীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা ককটেলসহ নুরুজ্জামানকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করার জন্য তারা রওশন এরশাদের বাসর সামনে অবস্থান করছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।