লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স এলাকায় সোমবার ভোররাতে পুলিশের সঙ্গে অবরোধকারীদের বন্দুক যুদ্ধে ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়েছে।
এ সময় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় জামাত শিবর কর্মী মাইন উদ্দিন ও যুবদলকর্মী আরিফ হোসেনকে আটক করেছে।
হামলায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মাইন উদ্দিন চর কালকিনি এলাকার রুহুল আমিনের ছেলে অপর আহত আরিফ হোসেন চর জাঙ্গালীয়া এলাকার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, লক্ষ্মীপুর-রামগতি সড়কের চরলরেন্স এলাকায় সোমবার ভোরে গাছ কেটে সড়ক অবরোধ করার চেষ্টা করে জামাত শিবির ও যুবদলের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, গুলিবিদ্ধ আটককৃত দুজনসহ শিবির ও যুবদলের নেতাকর্মীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে কমলনগর থানার ওসি মো. কবির আহমদ,কনস্টেবল মিজানুর রহমান, সফিকুল ইসলাম ও আবদুল ওহাবসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ৪টি পেট্রোলবোমা, ১ লিটার পেট্রোল ও গাছ কাটার করাত উদ্ধার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যেদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।