পঞ্চগড়ের বোদা উপজেলার বগদুলঝুলা বাজার এলাকায় পার্ক করা ১টি বিআরটিসি বাস ও ১টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আহত হয়েছে দুটি গাড়িতে থাকা ৪ চালক ও হেলপার। এতে ট্রাক ও বাসটির প্রায় বেশির ভাগ অংশই পুড়ে গেছে।
বুধবার ভোররাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: ট্রাক ড্রাইভার সুমন (২৪), বিআরটিসির চালক আল আমিন (৩৫), হেলপার লালন (৩০) এবং ট্রাকের মালিক শওকত আলী (৪৮)।
চালকের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বগদুলঝুলা বাজারের ধানহাটি এলাকায় ওই বিআরটিসি বাস ও ট্রাকটি পার্ক করানো ছিল। ভোররাতে গাড়ি দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গাড়ির ভেতরে থাকা চালক ও হেলপাররা জানালা ভেঙ্গে লাফিয়ে পড়ে জীবন রক্ষা করে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।