বাগেরহাট জেলার মংলা উপজেলার শিল্পাঞ্চল এলাকায় বৃহস্পতিবার সেনাকল্যাণ সংস্থার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৫ জন মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছে অর্ধশতাধিক শ্রমিক। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী, কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস ও দমকল বাহিনীর সদস্যরা। এছাড়া, ১ প্লাটুন বিজিবিসহ র্যাব ও সেনা সদস্যরা উদ্ধারকাজে সহায়তা করছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর সোয়া ২টার দিকে শিল্পাঞ্চল এলাকায় সেনাকল্যাণ সংস্থার ‘এলিফ্যাণ্ট ব্রাণ্ডের’ সিমেন্টের নির্মাণাধীন ৪তলা কারখানার ছাদ ধসে কমপক্ষে অর্ধশত শ্রমিক চাপা পড়ে। ভবনটিতে কমপক্ষে দুই শতাধিক শ্রমিক কাজ করছিল।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। কয়েকজনকে জীবিত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।