খাগড়াছড়ির কমলছড়িতে জুয়ার আসরে অভিযানে গিয়ে হামলায় সহকারি পুলিশ সুপার (এএসপি), ওসিসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সদর থানার ওসির গাড়ি ভাঙচুর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মিজানুর রহমান বলেন, শনিবার ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ আটক করা হয়নি।
হামলাকারীদের ছোড়া ইটে সদর সার্কেলের এএসপি সারোয়ার আলমের মাথা ফেটেছে। এছাড়া ওসি মিজানুর রহমান, এএসআই তরুণ চাকমা, মোহাম্মদ বেলাল হোসেন, কনস্টেবল আবুল কালাম, নাজির হোসেন, রানা প্রতাপ ও মোহাম্মদ আরিফ ইট-পাটকেলে হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
তাদের সবাইকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত এএসপি সারোয়ার বলেন, কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মেলা প্রাঙ্গণে জুয়ার আসর বসানোর খবর পেয়ে রাতে তারা অভিযানে যান। ঘটনাস্থলে পৌঁছামাত্র জুয়াড়িরা সংঘবদ্ধ হয়ে পুলিশের দিকে ঢিল ছুড়তে শুরু করে।
জেলার পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান এ হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।