যশোর-মাগুরা সড়কের পাঁচ বাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউনুস আলী নামে এক ডাকাত নিহত হয়েছেন।
যশোরের সহকারি পুলিশ সুপার রেশমা শারমিন দেশ টিভিকে বলেন, ইউনুসের নামে যশোরের বিভিন্ন থানায় ১১টি হত্যা, ২০টি ডাকাতিসহ মোট ৪১টি মামলা রয়েছে। এরমধ্যে একটি অস্ত্র মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে। তবে সে পলাতক থেকে ডাকাতিসহ নানা সমাজবিরোধী কার্যকলাপ করে যাচ্ছিলেন।
জানা গেছে, সোমবার মধ্যরাত ২টার দিকে ইউনুস তার বাহিনী নিয়ে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়াস্থ সিনজেন্টা কোম্পানির অফিসের পাশে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।
এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ইউনুসকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
ডাকাতরা পালিয়ে গেলে ইউনুসকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউনুস আলী কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।