শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় শিবির নেতাসহ ৩২ জনের নাম উল্লেখ করে ৩টি মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল মোনাফী বাদী হয়ে কলেজের শিবির সভাপতি ও সেক্রেটারিসহ ২১ জনের নাম উল্লেখ করে অস্ত্র আইনে একটি মামলা করেন।
এদিকে, মহসিন কলেজ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রাসেল মিয়া বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন। এতে অস্ত্র আইন মামলায় গ্রেপ্তার হওয়া নয় জনের নাম উল্লেখ করা হয়েছে আর বিস্ফোরক আইনে গ্রেপ্তার নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে আরো একটি মামলা দায়ের করা হয়।
এদিকে, বুধবার অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আটক ৮২ জনের মধ্যে ৩৫ জনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।