মাদারীপুরে কুনিয়াতে চাঞ্চল্যকর ‘কাওছার’ হত্যা মামলার প্রধান সাক্ষীর মৃতদেহ সোমবার উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের মাহমুদসী গ্রামে ইরি ব্লকের সেচযন্ত্র ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চলতি ইরি-বোরো মৌসুমে মাহমুদসী গ্রামের মোহন শেখ (৬০) ব্লকের সেচযন্ত্র ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের আঁধারে দুবৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে বালিশ চাপা দিয়ে রেখে যায়। সকালে তার ছেলে সেচযন্ত্র ঘরে গিয়ে মোহন শেখের মৃতদেহ দেখতে পায়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
মাদারীপুর থানার ওসি জিয়াউল মোর্শেদ দেশটিভিকে জানিয়েছেন, নিহত মোহন শেখ দু’বছর ধরে একই এলাকার ‘কাওছার’ হত্যা মামলার প্রধান সাক্ষী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে।