নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের রাজঘাটে পূণ্যস্মান উৎসবে পদদলিত হয়ে সাত নারীসহ ১০ জন তীর্থযাত্রী মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, সকালে পুণ্যস্নানের পদযাত্রায় প্রচণ্ড ভিড় হয়। তখন পুরাতন ব্রহ্মপুত্র নদের পাশাপাশি রাজঘাট ও প্রেমতলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা। তিনি মৃতদেহ দাহ করতে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন।
এদিকে, ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদে বাবা-মার অষ্টমীর স্নান করতে গিয়ে পানিতে ডুবে অন্তর দাস নামে এক স্কুলছাত্র ডুবে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরী দল গিয়ে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করে।
অন্তর ছিলেন স্থানীয় মুকুল নিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র।