আওয়ামী লীগ ৯ সিটি নির্বাচনে অফিসিয়ালভাবে হারলেও নাগরিক সেবা নিশ্চত করতে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি সব নির্বাচনকে তামাশা বললেও তারাই জয় লাভ করছেন বলেও জানান তিনি।
শুক্রবার সকালে মাদারীপুরে কাজীরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মানাধীন সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেকোনো নির্বাচনকেই তামাশার নির্বাচন বলছে— আবার তারাই সেই নির্বাচনে অংশগ্রহণ করছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে তাদের প্রার্থীরা ফরম সংগ্রহ করেছে। যে নামেই হোক তারা নির্বাচনে অংশ নিচ্ছে। আগে ৯ সিটি নির্বাচনের মধ্যে ৭টিতে বিএনপি আর ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ কোন সিটিতেই জয়লাভ করেনি। তারপরও নাগরিক সেবা দিতেই আমরা নির্বাচন দিচ্ছি বলেও জানিয়েছেন মন্ত্রী।
এ সময় সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর অধিকাংশ নির্মাণ কাজ শেষের পথে— উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন।