মেহেরপুরের গাংনী উপজেলায় ছাত্রদলের এক স্থানীয় নেতাকে বুধবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হাসের আলীর পিতা সাদিমান হোসেনের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর সাড়ে ৬টার দিকে কামারদাড়া মাঠে নিজ জমিতে সার দিতে যাচ্ছিল হাসের আলী। এ সময় চরগোয়ালগ্রামের কামারদাড়া মাঠে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা হাসের আলীকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ভোরে নিজ জমিতে কিটনাশক দিতে যাওয়ার সময় প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে। নিহত শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হাসের আলীর বিরুদ্ধে চরগোয়াল গ্রামের আওয়ামী লীগ নেতা আতাহার আলী, হ্যাবল মিয়া হত্যার মামলা রয়েছে। তিনি এ হত্যা মামলায় জামিনে ছিলেন।