নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় শুক্রবার আরো একজনের মরদেহের খোঁজ পেয়েছে উদ্ধারকারী দল। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কার ঘটনায় সকালে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, বুধবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আর কারোর সন্ধান মেলেনি। তাদের সন্ধানে নদীতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে নৌপুলিশ।
এর আগে গতকাল পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, কোস্টগার্ড ও দমকল বাহিনীর ডুবুরি দল। নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশের একটি ট্রলার উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে কোস্টগার্ড ও ডুবুরি দল ওই দিন সন্ধ্যা থেকেই বন্ধ রেখেছে উদ্ধার অভিযান।
এদিকে, বৃহস্পতিবার ভোলার মনপুরার ঢালচরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরা ট্রলার ডুবিতে নিখোঁজ ২৪ জেলেকে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। লাইভ জ্যাকেট ধরে ভাসতে ভাসতে তারা ওই দ্বীপে গিয়ে পৌঁছায়।
পরে কোস্টগার্ড জেলেদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। উদ্ধার হওয়া জেলেদের সবার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।