একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শেরপুর ও ময়মনসিংহবাসী। দ্রুত রায় কার্যকর হবে এমনটাই প্রত্যাশা তাদের। এ রায় কার্যকর হলে কলঙ্কমুক্ত হবে জাতি, এমনটাই মনে করেন তারা।
এবার রায় দ্রুত কার্যকর হলে কলঙ্কমুক্ত হবে পুরো জাতি বলে মনে করে শেরপুরবাসি।
শেরপুর সদরের নয়আনী বাজারের সুরেন্দ্র মোহনের বাড়ি, শহরের উপকণ্ঠের সেরি ব্রিজ, সূর্যদী, আহম্মদনগরসহ জেলার বিভিন্ন এলাকা কামারুজ্জামানের নৃশংস অপকর্মের সাক্ষী হয়ে আছে। তারই নির্দেশে নালিতাবাড়ির সোহাগপুরের বধ্যভূমিতে একসঙ্গে ১২০ জনকে হত্যা করে গণকবর দেয় পাকিস্তানি হানাদার বাহিনী।
এদিকে, নাশকতার আশঙ্কায় শেরপুরে কামারুজ্জামানের গ্রামের বাড়ি বাজিতখিলাসহ জেলার সর্বত্র সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়াও ময়মনসিংহে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড। দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ হয়।