জলাবদ্ধতা ইস্যুকে কেন্দ্র করেই ঘুরপাক খাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। বিগত সিটি নির্বাচনের কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টিতে নগরী জুড়ে জলাবদ্ধতা তৈরি হওয়ায় আওয়ামী লীগের তৎকালীন মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরাজয় ঘটেছিল বলে মনে করেন অনেকে।
এবার গত দুই দিনের বৃষ্টি যেন নগরবাসীকে আবারও সেই স্মৃতি মনে করিয়ে দেয়। আসন্ন নির্বাচনে তাই জলাবদ্ধতাকেই প্রধান ইস্যু বলে মনে করছেন মেয়র প্রার্থীরা।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এভাবে আরো বৃষ্টি হলে আবারও পানিতে তলিয়ে যেতে পারে পুরো নগরী। ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টিতে পানিতে তলিয়ে গিয়েছিল পুরো নগরী।
এর বিরূপ প্রভাবেই সে নির্বাচনে আওয়ামী লীগের তৎকালীন মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর ভরাডুবি হয়েছিল বলে ধারণা করা হয়।
তাই এবারও জলাবদ্ধতাকেই নগরীর প্রধান সমস্যা বলে মনে করছেন মেয়র প্রার্থীরা।
আর এ ইস্যুকেই নির্বাচনে সামনে রাখছেন তারা।
আন্তরিকতা থাকলে নগরীর এ সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন প্রার্থীরা।