যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে শনিবার বাংলাদেশি দুই গরুব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
নিহতরা হলেন: বেনাপোলের পুটখালি গ্রামের শান্ত ইসলাম (৪৫) ও একই গ্রামের আনিসুর রহমান আকু (২৭)।
বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-২৬ এর কমান্ডিং অফিসার লে.কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দেশ টিভিকে বলেন, ভোররাতে দৌলতপুর সীমান্তে দিয়ে একদল বাংলাদেশি গরু নিয়ে দেশে ফেরার পথে ঘোনারমাঠ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুঁড়ে। এ সময় ঘটনাস্থলেই ৫ জন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসতাপালে নেয়ার পথে বেনাপোলের পুটখালি গ্রামের শান্ত ইসলাম (৪৫) ও একই গ্রামের আনিসুর রহমান আকু (২৭) মারা যান।
আর সাইফুল ইসলাম (৩০), আলতাফ হোসেন (২৮) ও সবুজ হোসেন (৩৪) বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, বিজিবির পক্ষ থেকে বিএসএফর কাছে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
এ ঘটনার পর থেকে দৌলতপুর সীমান্তে টানা টান উত্তেজনা বিরাজ করছে।