মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় শুক্রবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার মারা গেছেন।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায়ের বলেন, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন, তার নাম রফিকুল ইসলাম (৪০) ওরফে মোয়াজ্জেম ওরফে নজরুল ওরফে রফিক। রফিকুল আন্তজেলা ডাকাত দলের সর্দার। বাড়ি সাতক্ষীরায়। তার বিরুদ্ধে ২৯টি ডাকাতি ও খুনের মামলা রয়েছে।
তিনি আরো বলেন, মাগুরা-যশোর সড়কে টহল দেয়ার সময় পুলিশ লক্ষ করে মঘিরঢাল এলাকায় সড়কে গাছ ফেলে বাধা সৃষ্টি করে একদল ডাকাত। পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলের কাছে যেতেই ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ রফিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ ৫টি ককটেল, একটি দা, একটি চাপাতি, একটি করাত, একটি পাইপগান, বিস্ফোরিত গুলির খোসা ও ২টি গুলি উদ্ধার করে।
এ ঘটনায় দুই দারোগাসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছের বলে জানিয়েছেন মাগুরার সহকারী পুলিশ সুপার।