সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির সময় ডাকাতের গুলিতে ব্যাংকটির ম্যানেজারসহ ৭ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সাভারের বাংলাদেশ কমার্স ব্যাংকে দুপুরেদিকে করে ৫ থেকে ৬ জনের একটি ডাকাতদল ব্যাংকটিতে হামলা করে।
এ সময় ডাকাতরা গুলি, বোমা ও ধারালো অস্ত্রে ব্যাংকের কর্মীদের ভয়ভীতি দেখিয়ে টাকা লুটের চেষ্টা চালায়। ব্যাংকের কর্মীরা বাধা দিলে ডাকাতরা তাদের ওপর চড়াও হয়। ডাকাতরা, ব্যাংকের একজন সহকারী ম্যানেজার, ক্যাশিয়ার, একজন নিরাপত্তাকর্মী ও একজন গ্রাহককে গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে ১৮ জন।
টাকা লুটের পর ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় জনতা তাদের দুই জনকে ধরে গণধোলাই দেয়। বাকিরা পালিয়ে যায়।
পরে পুলিশ গিয়ে ওই দুই ডাকাতকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন দায়িত্বে থাকা চিকিৎসক।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কমার্স ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।