নির্ধারিত সময়সীমার মধ্যে নিষ্পত্তি না হওয়ায় চট্টগ্রামের শ্রম আদালতে মামলার সংখ্যা দিন দিন বাড়ছে আর এতে ভোগান্তি বেড়েছে নানা পেশার শ্রমিকদের। এ জন্য বিদ্যমান আইন সংশোধনের দাবিও তুলছেন শ্রমিক প্রতিনিধিরা।
সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সব ধরনের শ্রম বিরোধের মামলা নিষ্পত্তির একমাত্র জায়গা চট্টগ্রামের ২টি শ্রম আদালত। এ ২টি আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এক হাজারেরও বেশি মামলা।
পরিসংখ্যান বলছে, শ্রম আদালত-১ এ গত চার মাসে ৮২০টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৮৫টি আর শ্রম আদালত-২ এ একই সময়ে নিষ্পত্তি হয়েছে ৯০টি মামলা। যেখানে এ আদালতে মামলা আছে ৪৮৩টি।
মামলার বাদি ইফতিখার কামাল খান বলেন, নির্ধারিত তারিখে মালিক পক্ষের অনুপস্থিতির পাশাপাশি নানান অজুহাতে ঝুলে থাকে মামলার নিষ্পত্তি প্রক্রিয়া। আর এ কারণে বিচারের অপেক্ষায় থাকা শ্রমিকদের মাসের পর মাস ঘুরতে হয় আদালতে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদ উল আলম বলেন, মামলার দীর্ঘসূত্রতার কারণে সব পেশার মানুষকেই আদালতে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এদিকে, আদালতের শ্রমিক প্রতিনিধি তপন দত্ত বলেন, আইনের দুর্বলতার সুযোগ নিচ্ছেন মালিকরা।
বিদ্যমান আইনে ৬০ কর্মদিবসের মধ্যে শ্রম আদালতের মামলা নিষ্পত্তির বিধান থাকলেও মামলাগুলো ঝুলে থাকছে বছরের পর বছর।