জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলামকে হত্যার দায়ে চার জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো- তসলিম উদ্দিন (৩২), ফরহাদ হোসেন (২৮), সাফিন (২৩) ও হায়দার আলী (৩২)।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৫ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার তেঘর বিশা গ্রামের চারমাথা এলাকায় চায়ের দোকানে ধারালো অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক লীগের জেলা সহ-সভাপতি সিরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় ওই রাতেই সিরাজুলের বাবা মজিবুর রহমান বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। পুলিশ ১৩ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৬ জন।
এরমধ্যে তিন আসামি বন্দুকযুদ্ধে ও একজন সন্ত্রাসীদের হাতে নিহত হন। বাকি ৯ জনের মধ্যে মঙ্গলবার ৪ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনকে খালাস দেয় আদালত।