জমি নিয়ে বিরোধের জের ধরে নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুরের পাঁচকাটা গ্রামে মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় ধানু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন হয়েছেন।
গুরুতর আহত নিহতের স্ত্রী খোদেজা বেগম (৪০), ছেলে আনসার আলী (২৫), রহম আলী (২২), হেলাল উদ্দিন (৩০), দিলোয়ারা বেগমকে (৩৫) কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসেন আলীকে নামে একজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পাঁচকাটা গ্রামের ধানু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের আমীর হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
সকাল ৮টার দিকে আমীর হোসেন ও হাসেন আলীর নেতৃত্বে ১৫-২০ জন লোক ধানু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারধর শুরু করে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ধানু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
কলমাকান্দা থানার ওসি মো. বশির আহমেদ জানান, হামলায় নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।