কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহসহ সারাদশে বৃহস্পতিবার বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
আমাদের সংদদাতা জানিয়েছেন, সকালে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এসময় বজ্রপাতে উপজেলার কান্দাপাড়া গ্রামে দেলোয়ার নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়। আহত হয় আরো ৩ জন।
প্রায় একই সময় উপজেলার চারুয়াপাড়ায় বজ্রপাতে মোশাররফ হোসেন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় বজ্রপাতে আরো ৩ জন মারা গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জেও সকালে কালবৈশাখি ঝড় হয়। বজ্রপাতে জেলার ধর্মপাশা উপজেলার ও দিরাই উপজেলায় ২ জন মারা গেছে।
এদিকে, জেলার সদর উপজেলার কাঠাইর এলাকায় একটি হাওরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ৩ কৃষক আহত হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।
এছাড়া, জামালপুর ও চুয়াডাঙ্গাতেও বজ্রপাতে ২ জনের মৃত্যু হযেছে। আহত হয়েছে বেশ কয়েকজন।