সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে রোববার (র্যাপিড আ্যাকশন ব্যাটেলিয়ন) র্যাব-৮ ও বনদস্যু মাইজ্যা বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডারসহ ২ জন দস্যু নিহত হয়েছে।
নিহতরা হলো : আলমগীর (৩৪) ও রিপন (৩০)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বনদস্যু মাইঝ্যা বাহিনীর প্রধান তার সহযোগীদের নিয়ে নন্দবালা খাল এলাকায় অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে বনদস্যুরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ৪০ মিনিট পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়।
পরে এলাকাটিতে তল্লাশি চালিয়ে দুই জন বনদস্যুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে ১০টি একনালা বন্দুক, একটি শুটারগান, ২টি এয়ারগান, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৩০ রাউন্ড গুলির খোসা, ২টি মোবাইল সেট, ৩টি সিম কার্ড, একটি ১২ ভোল্টের ব্যাটারি, নগদ টাকা ও টোকেনসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।