কক্সবাজারের উখিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাফর মাঝি নামে একজন মানবপাচারকারী নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার সোনাপাড়ার মেরিন ড্রাইভ সড়কে এস আলম হ্যাচারির সামনের এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোনাপাড়ার সমুদ্র তীরে মানবপাচারকারীরা সংঘবদ্ধ হয়ে গোপন মিটিং করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে দেখে পাচারকারীরা গুলি ছোড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পাচারকারী পিছু হটে।
এ সময় গুলিবিদ্ধ হয়েছে ডিবি পুলিশের সদস্য সোহেল ও আনসার সদস্য মনির। ঘটনাস্থল থেকে মানবপাচারকারী জাফর মাঝিকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশিয় তৈরি বন্দুক ও ২টি কার্তুজের খোলা খোসা।
কক্সবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন সাংবাদিকদের বলেন, নিহত জাফরের বিরুদ্ধে মানবপাচার আইনে ৪টি মামলা রয়েছে। তিনি মাঝিদের সর্দার।
এর আগে ৭ মে দিবাগত রাতে মানবাপাচার বিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ হ্যাচারি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়।
নিহতরা হলেন : টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ধলু হোসেন (৫৫), সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) ও একই ইউনিয়নের খাড়িয়াখালির কবির আহমেদের ছেলে জাফর আলম (৩৮)।