কুষ্টিয়ার বারুইপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আমিরুল ইসলাম (৫০) নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বুধবার ভোরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার করিমপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ময়নাল বিশ্বাস ও সুলতান বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এরই জের ধরে ভোরে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে গুরুত্বর আহত অবস্থায় ৫ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আমিরুল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা +করেন।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।