গাজীপুরের টঙ্গীর বাস্তহারা এলাকায় রোববার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বুলবুল আহমেদ নামে একজন ট্রাকচালক খুন হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ে বগুড়া যাচ্ছিলেন বুলবুল। টঙ্গীর বাস্ত্তহারা এলাকায় রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক থামান বুলবুল এবং তার সহকারি তাজেল মিয়াকে পাশের দোকানে পান আনতে পাঠান। এ সময় ৩ থেকে ৪ জন ছিনতাইকারী বুলবুলের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে দুর্বৃত্তরা বুলবুলের মাথা, গলা ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
চালকের সহকারী তাজেল ট্রাকের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় বুলবুলকে নিয়ে টঙ্গী হাসপাতালে যান।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক মো. মামুন অর রশিদ বলেন, বুলবুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
পরে ময়নাতদন্তের জন্য পুলিশ সকালে টঙ্গী হাসপাতাল থেকে বুলবুল আহমেদ মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।