পদ্মা সেতু নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কারণে পুনর্বাসন করা হয়েছে পদ্মা পাড়ের অনেক মানুষের। সরকারের পক্ষ থেকে প্লট ও এককালীন নগদ টাকা দেয়া হয়েছে তাদের। পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে আধুনিক সুযোগ সুবিধার নিশ্চয়তা পেয়ে আনন্দিত তারা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয় মোট ১১২৪.৭৭ হেক্টর জমি। মাওয়া ও জাজিরা অংশে ২টি করে মোট ৪টি পুনর্বাসন গ্রামে ২ হাজার ৫৯২টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে এসব এলাকার মানুষকে। ভূমি অধিগ্রহণ বাবদ দেয়া হয়েছে এক হাজার ৭০ কোটি টাকা।
পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ পেয়ে খুশি এসব এলাকার মানুষ। পুনর্বাসন গ্রামগুলোতে পানি ও বিদ্যুৎ সংযোগসহ রয়েছে আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা। টাকা ও প্লট বরাদ্দ পাওয়ার পর থেকেই সাধ্যমত এসব গ্রামে বাড়িঘর নির্মাণ করছেন তারা।
পদ্মা সেতু প্রকল্পের সকল কাজ ধাপে ধাপে যথা সময়ে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।