সিরাজগঞ্জের কোণাবাড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন। রোববার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, উত্তর বঙ্গগামী সয়াবিন তেল বোঝাই একটি ট্রাক বিকল হয়ে কোনাবাড়িতে মহাসড়কের পাশে মেরামতের জন্য দাঁড়ানো ছিল। এ সময় ঢাকা থেকে উত্তর বঙ্গগামী অপর একটি অক্সিজেনের সিলিন্ডার বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে সিলিন্ডার বোঝাই ট্রাকের চালকসহ কেবিনে থাকা অপর ৪ শ্রমিক আহত হন।
পরে আশঙ্ককাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে চালকসহ অপর ২ শ্রমিকের মৃত্যু হয়। অপর ২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, অক্সিজেন বোঝাই ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
এর আগে শনিবার বিকেলে পশ্চিম সংযোগ সড়কে দুইবাস ও ট্রাকের ত্রিমূখী সংঘর্ষে ১০ জন নিহত হন।