কক্সবাজারের টেকনাফ থেকে তালিকাভুক্ত ৩ জন মানবপাচারকারীকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আরেক জনকে যশোরের ঝিকরগাছা থেকে আটক করা হয়েছে।
টেকনাফ পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশের ২টি টিম সকালে টেকনাফের হারিয়াখালী ও কাটাবনিয়ায় অভিযান চালায়। এ সময় হারিয়াখালী থেকে আবুল কালাম এবং কাটাবনিয়া থেকে মোহাম্মদ হোসেন ও গফুর নামের ৩ জনকে আটক করা হয়। তারা প্রত্যেকেই তালিকাভুক্ত মানবপাচারচক্রের সদস্য। তাদের বিরুদ্ধের মানবপাচারের একাধিক মামলাও রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে, দুই যুবককে মালয়েশিয়া পাচারের অভিযোগে সকালে যশোরের গদখালী থেকে মিজানুর রহমান নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
গত বছর অক্টোবরে একই এলাকার আমিনুর ও রফিকুল ইসলামকে মালয়েশিয়ায় পাঠাবার কথা বলে নিয়ে গেলে আর তাদের খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে আমিনুরের বাবা মামলা করলে সকালে পাচারকারী মিজানুরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তিনি ওই দুই যুবককে পাচারের কথা স্বীকার করে।