প্রায় ২০ ঘণ্টা পর সোমবার ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের শ্রীপুরে ডিগনিটি পোশাক কারখানায় আগুন। তবে এখনো পুরোপুরি নেভানো যায়নি। আগুনের উত্তাপে স্টিলের ফ্রেমে নির্মিত ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, এলাকা থেকে লোকজনদের সরিয়ে নেয়া হয়েছে।
রোববার দুপুরের খাবারের বিরতির পর শ্রীপুর উপজেলার নতুনবাজার এলাকায় পোশাক কারখানাটির তৃতীয় তলায় নিটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। গাজীপুর, কালিয়াকৈর, টঙ্গী, শ্রীপুর এবং ভালুকা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট রাতব্যাপী চেষ্টা চালিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরইমধ্যে আগুনে কারখানার বিপুল পরিমাণ কাচাঁমাল ও মেশিন পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।