প্রায় একযুগ বন্ধ থাকার পর আবারো চালু হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেল যোগাযোগ। এতে দেশের অভ্যন্তরের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ভারতের সঙ্গেও যোগাযোগ সহজ হবে। আর ব্যবসা-বাণিজ্য প্রসারের সঙ্গে সঙ্গে এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
২০০২ সালে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মৌলভীবাজারের কুলাউড়া -শাহবাজপুর রেল যোগাযোগ। এতে কুলাউড়া, জুড়ি, বড়লেখা এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার কয়েক লাখ মানুষ যোগাযোগ সঙ্কটে পড়েন। সম্প্রতি এ রেলপথটি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৬ মে আঞ্চলিক বাণিজ্য বাড়াতে ভারতীয় ঋণে সাড়ে ৫১ কিলোমিটার দৈর্ঘের এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য একনেকে ৬৭৮ কোটি টাকার সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়। আগামী ৭ জুন দুইদেশের প্রধানমন্ত্রী অনলাইনে এর উদ্বোধন করার কথা রয়েছে।
এটি চালু হলে আঞ্চলিক বাণিজ্য, পর্যটন, শিক্ষা, চিকিৎসাসহ সব ক্ষেত্রে সুযোগ ও সম্ভাবনা বাড়বে-এমনটাই আশা করেন এলাকাবাসী।
বর্তমান রেলপথটি আগের রেলপথের চেয়ে আধুনিক হবে বলে জানালেন সিলেটের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আরফানুর রহমান।