রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃছ্বীশ সরকার পরশ নামে অবসরপ্রাপ্ত একজন পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার কলিমহর ইউনিয়নের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা কৃছ্বীশ সরকার পরশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে পিটিয়ে আহত করে এবং পরে হাত পায়ের রগ কেটে ফেলে রেখে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা ইকবাল হায়াত বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া খুনের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।