দিনাজপুরের একমাত্র বক্ষব্যাধি ক্লিনিকটি দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ আর চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবলের সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। মাদকসেবীদের আনাগোনায় পরিবেশের আরো অবনতি হয়েছে। দ্রুত ক্লিনিকের সংস্কারসহ জনবল নিয়োগের দাবি এলাকাবাসীর।
যক্ষা রোগ নিরাময়ে ১৯৬১ সালে দিনাজপুর শহরের কালিতলায় টিন শেড ঘরে গড়ে তোলা হয় এলাকার একমাত্র সরকারি বক্ষ ব্যাধি ক্লিনিকটি। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময়ে কোনো সংস্কার না করায় একেবারেই নাজুক হয়ে পড়েছে ক্লিনিকের ঘরগুলো। সামান্য লোকবল দিয়ে চলছে চিকিৎসা সেবা।
২০০৪ সাল থেকে নেই কোনো কনসালটেন্ট। এছাড়াও মেডিকেল টেকনোলজিষ্ট, রেডিওলজিষ্টের পদেও নিয়োগ নেই। চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগে পড়তে হয় রোগীদের।
বর্তমানে ক্লিনিকের কার্যক্রম দুপুর আড়াইটার পর থেকেই বন্ধ হয়ে যায়। এরপর থেকে ক্লিনিকে শুরু হয় মাদকসেবীদের আনাগোনা।
কনসালটেন্ট না থাকায় মেডিকেল কর্মকর্তাকেই সব ধরনের দায়িত্ব পালন করতে হয়।
এদিকে, ক্লিনিকটির দায়িত্বে থাকা ডেপুটি সিভিল সার্জন ডা. মাসতুরা বেগম বলেন, ইচ্ছা থাকা সত্বেও জনবল সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না।
এ সকল অসুবিধার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।