কদিনের ভারি বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা ডিএনডি বাঁধ প্রকল্পের ভেতরে ব্যাপক জলাবদ্ধতায় বাড়ি-ঘর ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ২০ লাখ মানুষ।
ডিএনডি বাঁধের ভেতরে ছোট-বড় প্রায় দুই হাজার শিল্প প্রতিষ্ঠানে ব্যহত হচ্ছে উৎপাদন।
ক্ষেত-খামারে সেচের জন্য ১৯৬৭ সালে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরার বিশাল এলাকা নিয়ে চালু করা হয় ডিএনডি প্রকল্প।
তবে প্রকল্পের ভেতরে শিল্প কল-কারখানা, পানি নিষ্কাষণের খাল দখল করে ঘর-বাড়ি নির্মাণ ও অবৈধ স্থাপনা গড়ে উঠায় ময়লা-আবর্জনায় তা সংকীর্ণ হয়ে সামান্য বৃষ্টিতেও তলিয়ে যাচ্ছে পুরো এলাকা। ফলে গত কয়েকদিনের বৃষ্টিতেই এ প্রকল্পের মধ্যে পানি বেড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ঘরবাড়ি, অফিস-আদালতে পানি ঢুকে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া মানুষ। সেইসঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত নানারোগ।
প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে ডিএনডি পাম্পিং প্ল্যান্ট নতুন করে তৈরি করতে হবে বলে জানান শিমরাইল পাম্প হাউজের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার।
জলাবদ্ধতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর।