মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধী বদরকমান্ডার আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় স্বস্তি প্রকাশ করেছেন নিজ এলাকা ফরিদপুরের মানুষ। খবর শোনার পরপরই পরস্পরকে মিষ্টি খাইয়ে আনন্দ মিছিল বের করে তারা। রায় দ্রুত কার্যকরের দাবিও জানায় এলাকাবাসী।
ফরিদপুরের বকচর, খাবাসপুর ও কোতয়ালী থানার মাচ্চার গ্রামের একজনকে ধর্ষণ, লুটপাট ও ৯ জনকে হত্যাসহ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন আলবদর মুজাহিদ। এছাড়াও, দেশজুড়ে তার নেতৃত্বে আলবদর বাহিনী ধর্ষণ ও হত্যাযজ্ঞসহ নানা মানবতাবিরোধী অপরাধ চালায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার খবর প্রকাশের পরপরই মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বের হয় আনন্দ মিছিল। মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে যোগ দেন। সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসীও।
আপিল বিভাগ মুজাহিদের রায় বহাল রাখায় ময়মনসিংহ ও খুলনাসহ সারাদেশে আনন্দ মিছিল করেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ সময় দ্রুত রায় বাস্তবায়নের দাবীও জানায় তারা।