ধান কাটা আর মাড়াইয়ের উৎসব চলছে, দেশের অন্যতম বড় সেচ প্রকল্প, চাঁদপুরের মেঘনা-ধনাগোদায়। এবার এখানে লক্ষ্য মাত্রার চেয়ে ভালো ফলন হয়েছে। তবে উৎপাদন খরচের চেয়ে ধানের দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। তাই বোরোর বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের অভ্যন্তরে এবার ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ও সঠিক সময়ে সেচ দেয়ায় বোরোর বাম্পার ফলন হয়েছে এবার।
কৃষকরাও উৎসাহ উদ্দীপনায় বোরো ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলছে। তবে ধানের ন্যায্য দাম নিয়ে কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
সঠিক সময়ে প্রকল্পে সেচের পানি সরবরাহ করায় ধানের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনার সমবায় সমিতির সাধারণ সম্পাদক একেএম গোলাম নবী।