জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আদিবাসী পল্লীতে শ্বশুরবাড়ির চার জনকে কুপিয়ে হত্যা করেছে জামাই। পরে তাকে এলাকাবাসী ধরে পুলিশে সোপর্দ করেছে।
নিহতরা হলেন-শ্বাশুড়ি সন্ধ্যা রানি মারান্ডি (৬০), শ্যালিকা তেরেসা মারান্ডি (১৮), গৃহকর্মী মারকেল (৪০) ও পাঁচ বছর বয়সী শিশু সানি।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার ভোরে ভ্রীমপুর গ্রামে শ্বশুরবাড়িতে সুমন ঘরজামাই ছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় একটি মোটর ওয়ার্কশপে কাজ নেন। ভোররাতে ঢাকা থেকে বাড়িতে ফেরেন তিনি। তারপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন হেমরন (৩০)। নিহতদের মধ্যে তার পাঁচ বছর বয়সী ছেলে সানিও রয়েছে। হামলায় সুমনের স্ত্রী সিলভিয়া হেমরনও (২২) গুরুতর আহত হন।
পাঁচবিবি থানার ওসি আবু হেনা মুস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি কামাল বলেন, পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে প্রথমে স্ত্রীর উপর চড়াও হন সুমন। তাকে বাঁচাতে এসে হামলার মুখে পড়েন অন্যরা। হত্যাকাণ্ডের খবর শুনে গ্রামবাসী সুমনকে ধরে পুলিশে তুলে দেয়।
গুরুতর আহত অবস্থায় সিলভিয়া জয়পুরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।