কোনো নোটিশ ছাড়াই দিনাজপুরের হর্টিকালচার সেন্টারের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে সদর উপজেলা পরিষদ। ফলে অরক্ষিত হয়ে পড়েছে হর্টিকালচার সেন্টারের গাছ, চারা ও টিস্যু কালচার ল্যাবের কোটি টাকার সম্পত্তি।
এদিকে, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম দেশ টিভিকে জানিয়েছেন, মৌখিকভাবে জমি ছাড়ার নির্দেশ দেয়ার পরই তা উচ্ছেদ করা হয়েছে।
দিনাজপুর জেলার সদর উপজেলা পরিষদের এক দশমিক ৩ একর জমি ১৯৮৯ সালে সরকার হর্টিকালচার সেন্টারটিকে হস্তান্তর করে। কিন্তু গত বছর জমিটি উপজেলা পরিষদের নামে রেকর্ডভূক্ত হলে উপজেলা পরিষদ মৌখিকভাবে হর্টিকালচার সেন্টারকে ওই জমির ৫০ থেকে ৬০% ছেড়ে দেয়ার কথা বলে।
গত মঙ্গলবার বিকেলে হর্টিকালচার সেন্টারের সীমানা প্রাচীর ভেঙে ফেলে উপজেলা পরিষদ। এতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে হর্টিকালচার সেন্টারের লাখ লাখ টাকার গাছ, চারা, কলম, টিস্যু কালচার ল্যাবের প্রায় কোটি টাকার সম্পত্তি।
দিনাজপুর হর্টিকালচার সেন্টার উপ-পরিচালকের একে এম নুরুল আমীন বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়া উপজেলা পরিষদ এ সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে।
জায়গাটি ছেড়ে দিতে হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাদের মৌখিকভাবে একাধিকবার জানানো হয়েছে বলে দাবি করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।