মাত্র ১০ হাজার টাকায় মালয়েশিয়া-থাইল্যান্ড যাওয়ার প্রলোভনে পড়ে গত দুই থেকে তিন মাসে জয়পুরহাটের ক্ষেতলালে মানবপাচারের শিকার হয়েছে শতাধিক যুবক। দালালদের দাবি করা মুক্তিপণ দিয়ে কেউ কেউ ফিরে এলেও এখনো নিখোঁজ রয়েছে অনেকেই। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা এসব পরিবারের স্বজনরা।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচ গ্রামের আজিজুল ইসলাম। মাত্র দশ হাজার টাকায় দালালদের মাধ্যমে সমুদ্র পথে পাড়ি জমান মালয়েশিয়ায়। এক মাস আগে ফোন করে পরিবারের কাছ থেকে আরো দশ হাজার টাকা নেয় পাচারকারীরা।
এরপর থেকে আর কোন খোঁজ নেই তার। পাচারকারী চক্রের খপ্পরে পড়ে পরিজনকে হারিয়ে এখন অবিরাম চোখের পানি ফেলছেন স্বজনরা।
আজিজুলের মতোই গত দুই-তিন মাসে এ উপজেলার শতাধিক যুবককে সমুদ্র পথে পাচার করা হয়েছে। স্বচ্ছলতার স্বপ্ন আর বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এদের মধ্যে অনেকেই দালালদের খপ্পরে পড়ে এখনো নিখোঁজ। কেউ বা আহত হয়ে প্রান নিয়ে ফিরে এসেছে দেশে।
পাচারকারিদের কোনভাবেই ছাড় দেওয়া হচ্ছে না দাবি করে মানবপাচারের সঙ্গে জড়িত কয়েকজন অপরাধীকে ইতোমধ্যেই গ্রেপ্তার করার হয়েছে বলে জানান জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।
এভাবে কতজন বিদেশ গেছেন, নিখোজ রয়েছেন তার হুসেব জানেন না জয়পুরহাটের কর্মসংস্থান ও জনশক্তি অফিস জনশক্তি জরিপ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল।