সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আজহারুল ইসলাম নামে এক চোরাকারবারী আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ ঘটনাটি নিশ্চিত করেছেন।
চোরাকারবারীদের একটি দল ভারত থেকে মাদক ও অস্ত্র এনে বিক্রয়ের উদ্দেশ্যে নবাতকাটি এলাকায় অবস্থান করছে- এ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে আজহারুল গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়।
আহত আজহারুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় ৪টি চোরাচালান মামলা রয়েছে বলে জানান ওসি।
এসময় ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।