জমি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লার লাকসামে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত ২ ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা গেছেন।
এর আগে শনিবার রাতে উপজেলার শ্রীয়াং গ্রামে সংঘর্ষে আহত হন তারা। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন: শ্রীয়াং গ্রামে আবদুর রহিম (৩০) ও সুলতান (২৮)।
স্থানীয়তের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শ্রীয়াং গ্রামে সাইফুল ও সেলিম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে শনিবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ রহিম ও সুলতানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেয়া হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি।