পয়নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নাটোর পৌরসভার রাস্তা ঘাটে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
এ সমস্যার জন্য পৌরসভার উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী।
এদিকে, পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল-মামুন জানিয়েছেন দ্রুত ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু হবে।
নাটোর পৌরসভার দক্ষিণ পটুয়াপাড়া, কানাইখালী, উত্তর পটুয়াপাড়া, কুর্মির মাঠ, ফোজদারিপাড়া, হাজরা নাটোর, হরিশপুরসহ পয়নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা বেশ কিছু এলাকায় নেই। সামান্য বৃষ্টি হলেই ময়লা পানিতে তলিয়ে যায় পৌরসভার রাস্তাঘাট।
বাধ্য হয়েই দুর্গন্ধ দুষিত পানির মধ্য দিয়ে চলাফেরা করতে হয় এলাকাবাসীদের। এতে চরম ভোগান্তি তো আছেই সেই সঙ্গে অনেকেই আক্রান্ত হয় চর্মরোগে।
এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে মেয়র ও কাউন্সিলররা এলাকার উন্নয়নের কথা বললেও সমস্যা সমাধানে তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে পাওয়া যায় না।
এদিকে, জলাবদ্ধতার কথা স্বীকার করে সমস্যা সমাধানে নেয়া পরিকল্পনার কথা জানান পৌর কর্তৃপক্ষ।