বর্ষা আসতেই শুরু হয়েছে পদ্মা নদীর ভাঙন আবারো আতঙ্ককিত জনপদ। নদী ভাঙনে হুমকির মুখে রাজবাড়ীর শহর রক্ষা বাঁধ। এ বর্ষায় বাঁধ সংস্কার করা না হলে হুমকির মুখে পরবে স্কুল, মদ্রাসা, মসজিদসহ বিভিন্ন স্থাপনা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত এক দশকের বেশি সময় ধরে নদী ভাঙনের শিকার রাজবাড়ী। তবে এবার বর্ষা শুরু হতেই ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার বরাট ও মিজানপুরে। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
আশির দশকের গোড়ার দিকে এখানে নির্মিত হয় শহর রক্ষা বাঁধ। দীর্ঘদিন সংস্কার না করায় বাঁধটি এখন হুমকির মুখে।
এছাড়া বাঁধটির উপর দিয়ে পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। ভারি যানবাহন চলাচলের কারণে রাস্তার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে গর্ত। যা বর্ষায় ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এ সব পয়েন্ট দিয়ে বন্যার পানি ঢুকলে শহর রক্ষা করা যাবে না বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর বলেন, শহর রক্ষা বাঁধের আড়াই কিলোমিটার কাজ এরই মধ্যে শেষ হয়েছে।
এদিকে, নদী ভাঙনের হাত থেকে শহরটি রক্ষার্থে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।