সেতু না থাকায় ময়মনসিংহের শহরের কাচারী ঘাটে ব্রহ্মপুত্র নদ পারাপারে চরম বিপাকে পড়েছে সদর উপজেলাসহ চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষকে। নৌকায় যাত্রীদের পাশাপাশি পণ্য আনা-নেয়া করায় রোগী আর শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয় সবচেয়ে বেশি।
বিকল্প ব্যবস্থা না থাকায় নৌকা দিয়ে পারাপারেও ইজারাদাররা বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ময়মনসিংহ জেলা শহরের কাচারী ঘাট দিয়ে প্রতিদিন ব্রহ্মপুত্র নদ পার হন সদর ও ফুলপুরসহ তারাকাণ্দা উপজেলার চরাঞ্চলের হাজার হাজার মানুষ।
তবে নদী পারাপারের একমাত্র মাধ্যম নৌকা হওয়ায়, যাত্রীদের পাশাপাশি চলে পণ্য আনা-নেয়া। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। এছাড়া, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।
কাচারী ঘাটে সেতু নির্মিত হলে চরাঞ্চলের উন্নয়নের পাশাপাশি জেলা শহরের যানজট নিরসনেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে এলাকাবাসী।
এদিকে, চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন।